ট্রাম্প পুত্র এরিকের চীন সফর ঘিরে বিতর্ক

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ণ
ট্রাম্প পুত্র এরিকের চীন সফর ঘিরে বিতর্ক

অনলাইন ডেস্ক: চীন সফররত মার্কিন কর্মকর্তাদের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় পুত্র এরিক ট্রাম্পের উপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বর্তমানে তিনি পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠান 'ট্রাম্প অর্গানাইজেশন'-এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন, তবে মার্কিন সরকারের কোনো দাপ্তরিক পদে তিনি নেই।

এরিক ট্রাম্পের এই সফর নিয়ে আলোচনার মূল কারণ হলো ডোনাল্ড ট্রাম্পের অতীত অবস্থান। ২০১৩ সালে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের চীন সফরে তাঁর ছেলে হান্টার বাইডেনের অংশগ্রহণ নিয়ে কড়া সমালোচনা করেছিলেন ট্রাম্প। সে সময় তিনি বাইডেন পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রশ্ন করেছিলেন—কেন একজন প্রেসিডেন্টের সন্তান সরকারি সফরে অংশ নেবেন? উল্লেখ্য, হান্টার বাইডেন পরবর্তীতে ২০২৪ সালে কর ফাঁকির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন, যার মধ্যে চীনের সাথে ব্যবসায়িক লেনদেনের যোগসূত্র ছিল।

এরিক ট্রাম্পের সফর ঘিরে ওঠা সমালোচনার জবাবে 'ট্রাম্প অর্গানাইজেশন' একটি বিবৃতি দিয়েছে। দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া ওই বিবৃতিতে জানানো হয় যে, এরিক ট্রাম্প ব্যক্তিগতভাবে তাঁর বাবার সঙ্গী হয়েছেন। চীনে তাঁর কোনো ব্যবসা নেই এবং এই সফরে কোনো ধরনের নতুন ব্যবসায়িক চুক্তি বা লেনদেনে জড়ানোর পরিকল্পনাও তাঁর নেই বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন