ক্রীড়া ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়া সমর্থকদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বৈধ টিকিট থাকা সমর্থকদের জন্য ১৫ হাজার ডলারের ‘ভিসা জামানত’ বা বন্ড প্রদানের শর্ত শিথিল করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক ঘোষণায় এই তথ্য নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল ও তিউনিসিয়াসহ মোট ৫০টি দেশের নাগরিকরা এই বিশেষ ছাড় পাবেন। তবে শর্ত হলো, তাদের কাছে অবশ্যই বিশ্বকাপের বৈধ ম্যাচের টিকিট থাকতে হবে। সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরাহ নামদার বলেন, ‘টিকিট কেনা যোগ্য সমর্থকদের জন্য আমরা এই ভিসা বন্ড মওকুফ করছি।’
গত বছর ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে এই ভিসা বন্ড কর্মসূচি চালু করা হয়েছিল। নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের ভিসার মেয়াদ শেষে থেকে যাওয়ার প্রবণতা রোধ করতে প্রবেশের সময় ১৫ হাজার ডলার (প্রায় ১৮ লাখ টাকা) জামানত জমা দেওয়ার নিয়ম করা হয়েছিল। সফর শেষে দেশ ত্যাগ করলে এই অর্থ ফেরত পাওয়ার কথা ছিল। আগে শুধু খেলোয়াড় ও কোচদের এই ছাড় দেওয়া হলেও এখন সাধারণ ভক্তরাও সেই আওতায় এলেন।
ফিফা ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, হোয়াইট হাউসের সঙ্গে যৌথভাবে একটি সফল এবং রেকর্ড গড়া বিশ্বকাপ আয়োজনের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভিসা নীতি শিথিল হলেও ইরান ও হাইতির নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকছে। এছাড়া অনেক দেশের পর্যটকদের ক্ষেত্রে পাঁচ বছরের সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য জমা দেওয়ার শর্তও কার্যকর থাকতে পারে। মানবাধিকার সংগঠনগুলো অবশ্য সতর্ক করেছে যে, এসকল নীতির কারণে সমর্থকদের বাড়তি নজরদারি বা জিজ্ঞাসাবাদে পড়ার ঝুঁকি রয়ে গেছে।