বাঘাইছড়িতে ২ যুবক আটক, আদালতে প্রেরণ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:০৪ অপরাহ্ণ
বাঘাইছড়িতে ২ যুবক আটক, আদালতে প্রেরণ

মো: ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মডেল টাউন এলাকায় রাতের টহল অভিযানে সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে সন্দেহজনকভাবে চলাফেরার সময় তাদের আটক করা হয়। 

বৃহস্পতিবার সকালে পুলিশ আইনের ৩৪ ধারায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন মডেল টাউন এলাকার মোঃ ওবায়দুল হক রবিউল ইসলাম (৩০) এবং মোঃ নবীর হোসেন (২০)।

বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান জানান, জনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এবং সন্দেহজনক চলাফেরার কারণে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আটককৃতদের কাছ থেকে কোনো ধরনের মাদকদ্রব্য বা অবৈধ সামগ্রী উদ্ধার হয়নি; মূলত যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদের প্রয়োজনেই তাদের আটক করা হয়। সম্প্রতি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে।

স্থানীয়দের দাবি, এলাকায় সম্প্রতি রাতের বেলা অপরিচিত ব্যক্তিদের আনাগোনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ কারণে পুলিশের নিয়মিত টহল ও অভিযানকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন