ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:২৮ অপরাহ্ণ
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন প্রাণ হারিয়েছেন। 

বৃহস্পতিবার (১৪ মে) ভোরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুলিয়া ফ্লাইওভারের ওপর এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, ঢাকামুখী একটি বড় কাভার্ডভ্যানের পেছনে দ্রুতগতির আরেকটি ছোট কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে ছোট কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও তাঁর সহকারী নিহত হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন ছোট কাভার্ডভ্যানের চালক প্রবীর রায় (৪০), যাঁর বাড়ি লালমনিরহাট সদর এলাকায় এবং তাঁর সহকারী জুয়েল (২০), যাঁর বাড়ি কুড়িগ্রাম জেলায়।

খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যান দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন