নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বিদ্যমান বাণিজ্য চুক্তি সরাসরি বাতিল না করে, পর্যালোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংশোধনের কথা ভাবছে সরকার।
মঙ্গলবার (১২ মে) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান সরকারের এই অবস্থানের কথা জানান।
তথ্য উপদেষ্টা জানান, চুক্তিতে ৬০ দিনের নোটিশের মাধ্যমে তা বাতিলের আইনি সুযোগ থাকলেও সরকার এখনই সেই পথে হাঁটছে না। তিনি বলেন, “চুক্তি বাতিলের সিদ্ধান্ত দ্বিপাক্ষিক সম্পর্ক এবং শুল্কসংক্রান্ত বিষয়ে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই আমরা আপাতত চুক্তির প্রভাব ও রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনায় রেখে ধাপে ধাপে মূল্যায়ন করব।”
ডা. জাহেদ উর রহমান বলেন, বিভিন্ন গণমাধ্যম ও বিশেষজ্ঞদের পক্ষ থেকে এই চুক্তির সম্ভাব্য ঝুঁকি ও সীমাবদ্ধতা নিয়ে যে আলোচনা হচ্ছে, তা সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এ বিষয়ে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা হয়েছে। চুক্তির যেসব ধারা দেশের স্বার্থের পরিপন্থি বা ভবিষ্যতে ঝুঁকি তৈরি করতে পারে, সেগুলো শনাক্ত করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে বসবে সরকার।
চুক্তি বাতিলের চেয়ে সংশোধনের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, সব আন্তর্জাতিক চুক্তির প্রকৃতি এক নয়। কিছু চুক্তি থেকে হঠাৎ বেরিয়ে আসা লাভের চেয়ে ক্ষতি বেশি বয়ে আনতে পারে। তবে জনগণের স্বার্থ ক্ষুণ্ণ হয়—অতীতের এমন সব চুক্তি বা সমঝোতা স্মারক সরকারের মূল্যায়নের আওতায় থাকবে। রাষ্ট্রীয় ও কূটনৈতিক বাস্তবতা মাথায় রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।