আন্তর্জাতিক ডেস্ক: তামিল সুপারস্টার থালাপতি বিজয় গত রোববার (১০ মে) তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। কিন্তু রাজনৈতিক সাফল্যের এই মুহূর্তেই ব্যক্তিগত জীবনে বড় বিপর্যয়ের মুখে পড়েছেন তিনি। বাবার মুখ্যমন্ত্রী হওয়ার পরদিন সোমবারই তাঁর বিরুদ্ধে প্রতীকী এক কড়া পদক্ষেপ নিলেন ছেলে জেসন সঞ্জয়।
জেসন সঞ্জয় এতদিন নিজের নামের পাশে বাবার নামের আদ্যক্ষর ব্যবহার করে ‘জেসন সঞ্জয় ভি’ (Jason Sanjay V) পরিচয় দিতেন। কিন্তু সাম্প্রতিক পারিবারিক তিক্ততার জেরে তিনি সেই 'ভি' সরিয়ে মায়ের নাম সঙ্গীতার আদ্যক্ষর অনুযায়ী ‘এস’ (S) যুক্ত করেছেন। এই পদক্ষেপের মাধ্যমে জেসন স্পষ্ট করে দিলেন যে, তিনি এখন পুরোপুরি তাঁর মায়ের পাশে রয়েছেন।
বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে তাঁর বাবা-মা উপস্থিত থাকলেও দেখা মেলেনি স্ত্রী সঙ্গীতা এবং দুই সন্তানের। অন্যদিকে, অনুষ্ঠানে একেবারে প্রথম সারিতে বসে থাকতে দেখা গেছে বিজয়ের আলোচিত প্রেমিকা অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে। বিজয়ের শপথ গ্রহণের আবেগঘন মুহূর্তে তৃষাকে বেশ আবেগপ্রবণ দেখা গেলেও পরিবারের অনুপস্থিতি সবার চোখে পড়েছে।
১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া বিজয়-সঙ্গীতার সম্পর্কে ফাটল ধরেছে অনেক আগে থেকেই। বিজয়ের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে সঙ্গীতা ইতোমধ্যে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন। ছেলে জেসন কেবল নাম পরিবর্তনই করেননি, বাবাকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও ‘আনফলো’ করেছেন।
রাজনৈতিক ময়দানে বিজয় ‘ধর্মনিরপেক্ষ’ ও ‘ক্ষমতার কেন্দ্র’ হওয়ার ঘোষণা দিলেও নিজ ঘরে স্ত্রী-সন্তানের সঙ্গে তাঁর দূরত্ব এখন দক্ষিণ ভারতের বিনোদন ও রাজনৈতিক অঙ্গনে টক অব দ্য টাউন।