পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে প্রতিমন্ত্রী প্রথমে যুক্তরাষ্ট্র সফর করবেন। সেখানে সরকারি বিভিন্ন বৈঠক শেষে তিনি মরক্কোর উদ্দেশে রওনা হবেন।
মরক্কোতে আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী ‘সেকেন্ড মিনিস্টেরিয়াল কনফারেন্স অন পিসকিপিং’ (Second Ministerial Conference on Peacekeeping) শীর্ষক শান্তিরক্ষা বিষয়ক দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। শামা ওবায়েদ ইসলাম এই সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
সূত্র জানায়, সম্মেলনে বৈশ্বিক শান্তিরক্ষা সহযোগিতা জোরদার, অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলা করার বিষয়গুলো গুরুত্ব পাবে। বিশেষ করে বিশ্বজুড়ে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান এবং বর্তমান প্রেক্ষাপটে নতুন চ্যালেঞ্জগুলো নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি।
সব কর্মসূচি সফলভাবে শেষ করে আগামী ২২ মে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।