নাজমুল হাসান, মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মোস্তফা বেপারী (৭৮) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন।
সোমবার (১১ মে) রাতে উপজেলার শ্রীনদী-কালীরবাজার সড়কের আলমমীরের কান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা বেপারী আলমমীরের কান্দি এলাকার মৃত আজিমউদ্দিন বেপারীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন তিনি। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করতে আসার আগেই ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, শ্রীনদী-কালীরবাজার সড়কের দুই পাশে অনিয়ম করে ইট, বালু ও খোয়া স্তূপ করে রাখার কারণে চলাচলের পথ অত্যন্ত সরু হয়ে গেছে। রাস্তার এই বেহাল দশা এবং মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণেই এমন মর্মান্তিক প্রাণহানি ঘটেছে বলে অভিযোগ এলাকাবাসীর।
শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাজেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক মোটরসাইকেলটি জব্দ করেছে, তবে চালক পালিয়ে গেছেন। তিনি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ.আই.এল/সকালবেলা