নিজস্ব প্রতিবেদক: দেশে ছড়িয়ে পড়া হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার সময়সীমা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, “যাদের টিকা দেওয়া হয়েছে, তাদের শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরি হতে অন্তত চার সপ্তাহ সময় লাগবে। এর পরেই হামের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আমরা আশা করছি।”
সোমবার (১১ মে) বেলা সাড়ে ১১টায় বরিশাল সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, নিয়ম অনুযায়ী প্রতি চার বছর পর পর হামের গণ-টিকাদান কর্মসূচি হওয়ার কথা ছিল। কিন্তু ২০২০ সালের পর সেই ধারাবাহিকতা না থাকায় বর্তমানে হামের এই প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তিনি আরও জানান, “বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের সময় হাতে কোনো হামের ভ্যাকসিন ছিল না। অত্যন্ত অল্প সময়ের মধ্যে আমরা টিকা সংগ্রহ করেছি এবং প্রয়োগ শুরু হয়েছে। ইতিমধ্যে রোগীর সংখ্যা কমতে শুরু করেছে।”
সোমবার সকালে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বরিশালের বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে যান মন্ত্রী। সকাল ১০টায় বরিশাল সদর হাসপাতালে পৌঁছে তিনি সরাসরি টিকিট কাউন্টারে চলে যান। সেখানে একজন কর্মীকে কর্মস্থলে অনুপস্থিত পাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন। এরপর তিনি চিকিৎসকদের হাজিরা খাতা পরীক্ষা করেন এবং হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজখবর নেন।
উল্লেখ্য, দেশে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর হার বেড়ে যাওয়ায় স্বাস্থ্য বিভাগ বিশেষ গুরুত্ব দিয়ে টিকাদান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।