রিপন হালদার, স্টাফ রিপোর্টার: মোংলা নদী পারাপারে হাজার হাজার শ্রমিক ও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত দুটি ফেরি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার (১০ মে) মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভা শেষে তিনি সাংবাদিকদের জানান, মোংলা ইপিজেডে কর্মরত হাজার হাজার শ্রমিক এবং স্থানীয় জনগণের নদী পারাপার স্বাভাবিক রাখতে এই স্বল্পমেয়াদী ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, “মোংলা নদীতে যে ফেরি চলাচল করবে, তা আমরা ২৪ ঘণ্টার জন্য উন্মুক্ত রাখব।”
প্রতিমন্ত্রী আরও জানান, স্থানীয় মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা হলো একটি ঝুলন্ত সেতু নির্মাণ। সেই লক্ষে প্রয়োজনীয় কাজ চলমান রয়েছে। তবে যতদিন সেতু নির্মিত না হচ্ছে, ততদিন বিআইডব্লিউটিএ, সড়ক ও জনপথ (সওজ) এবং পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে পারাপার ব্যবস্থা সচল রাখা হবে। আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে এই ব্যবস্থার দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে খুলনা বিভাগীয় কমিশনার, বাগেরহাট জেলা প্রশাসক, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত ফেরি চালুর বিষয়ে একমত পোষণ করেন সকলে।
এ.আই.এল/সকালবেলা