বিনোদন ডেস্ক: গ্ল্যামার আর অ্যাকশনের মিশেলে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরির পর এবার বিশ্বমঞ্চে পা রাখছেন অভিনেত্রী দিশা পাটানি। প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন কিংবা আলিয়া ভাটের উত্তরসূরি হিসেবে হলিউড যাত্রার নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।
জানা গেছে, আন্তর্জাতিক অ্যাকশন-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘দ্য পোর্টাল অব ফোর্স-এর মাধ্যমে হলিউডে অভিষেক হচ্ছে দিশার। এই ছবিতে তিনি ‘জেসিকা’ নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। সম্প্রতি ছবিটির ট্রেলার প্রকাশ পেয়েছে, যেখানে দিশার আত্মবিশ্বাসী উপস্থিতি এবং অ্যাকশন পারফরম্যান্স ইতোমধ্যেই দর্শকদের নজর কেড়েছে।
প্রথম আন্তর্জাতিক কাজ নিয়ে নিজের উত্তেজনা ও অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন দিশা। তাঁর মতে: এটি তাঁর কাছে কেবল একটি প্রজেক্ট নয়, বরং নিজের অভিনয় ক্ষমতাকে নতুনভাবে আবিষ্কারের সুযোগ। সবসময় অ্যাকশন ঘরানা পছন্দ করায় আন্তর্জাতিক এই প্রজেক্টে কাজ করা তাঁর জন্য সম্মানের।নতুন পরিবেশ ও কাজের ধরনের কারণে শুরুতে কিছুটা ভয় ও চাপ থাকলেও, আন্তর্জাতিক সেটের শৃঙ্খলা তাঁকে অনেক কিছু শিখিয়েছে।
মডেলিং ও বিজ্ঞাপনের হাত ধরে ক্যারিয়ার শুরু করা দিশা ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ দিয়ে আলোচনায় আসেন। পরবর্তীতে ‘বাঘি ২’ ও ‘মালাং’-এর মতো সিনেমায় নিজেকে গ্ল্যাম ডিভা হিসেবে প্রতিষ্ঠিত করেন। তবে হলিউডে ‘জেসিকা’ চরিত্রটির মাধ্যমে তিনি তাঁর চিরচেনা গ্ল্যামারাস ইমেজ ভেঙে একজন সিরিয়াস অ্যাকশন অভিনেত্রী হিসেবে নিজেকে বিশ্বদরবারে প্রমাণের লক্ষ্য স্থির করেছেন।
জান্নাত/সকালবেলা