পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ
পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদও পদত্যাগ করেছেন।

ফেসবুক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া লিখেছেন, "আমি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছি (I have officially resigned from my position as the Assistant Proctor at the University of Dhaka)।" তিনি জানান, তাঁর শিক্ষকতাজীবনের সাত বছরে কখনোই প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ইচ্ছা ছিল না। এর আগে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও প্রশাসনিক পদে যাওয়ার পরিকল্পনা করেননি।

শেহরীন মোনামি উল্লেখ করেন, ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের আহ্বানেই তিনি এই বড় দায়িত্ব গ্রহণে আগ্রহী হয়েছিলেন। সেই মুহূর্তের স্মৃতিচারণ করে তিনি লেখেন, "আমি সামান্য লেকচারার, তার চেয়েও সামান্য একজন মানুষ, এত বড় দায়িত্ব, যা সচরাচর একটু সিনিয়র শিক্ষকরা পান, সেই দায়িত্বে আমি!!"

অধ্যাপক সাইফুদ্দীন আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লেখেন, গত দুই বছরে তাঁর কাছ থেকে ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা এবং শিক্ষার্থীদের আগলে রাখার কৌশল শিখেছেন। জুলাই আন্দোলন-পরবর্তী সময়কে 'অভূতপূর্ব' অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করে তিনি বলেন, এমন পরিস্থিতির মুখোমুখি আগে কোনো প্রক্টর টিমকে হতে হয়নি।

নতুন প্রক্টর ও তাঁর টিমের সাফল্য কামনা করে শেহরীন মোনামি তাঁর পোস্টের শেষে লেখেন, "সাবেক প্রক্টর সাইফুদ্দীন আহমদ স্যারের নেতৃত্বে কাজ করাটা ছিল সম্মানের। নতুন প্রক্টর ও তাঁর টিমকে অভিনন্দন। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য তাঁদের প্রতি শুভকামনা রইল।"

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন