সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির বিরুদ্ধে রাতভর অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে দুইটি এক্সকাভেটর (ভেকু) মেশিন বিনষ্ট এবং দুইটি বালুবাহী ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।
শনিবার (৯ মে) দিবাগত রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পটল এলাকার কদিম হামজানী ও এলেঙ্গা পৌরসভার মহেলা এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা এই অভিযানে অংশ নেন। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর অধীনে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে অভিযুক্তদের ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক তা আদায় করা হয়। এছাড়া ঘটনাস্থলে থাকা মাটি কাটার যন্ত্র ভেকু বিনষ্ট করা হয় এবং অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত ড্রাম ট্রাকগুলো রাষ্ট্রীয় হেফাজতে নেওয়া হয়। দীর্ঘদিনের এই অবৈধ কারবার বন্ধ হওয়ায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম জানান, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।
এ.আই.এল/সকালবেলা