মসজিদের পুকুর পরিষ্কার করতে নেমে যুবকের মৃত্যু

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ণ
মসজিদের পুকুর পরিষ্কার করতে নেমে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুরে মসজিদের পুকুর পরিষ্কার করতে নেমে পানিতে ডুবে আরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

রোববার (১০ মে) দুপুরে লালপুর বাজার মসজিদের পুকুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম উপজেলার উত্তর লালপুর মন্ডলপাড়া গ্রামের আকবরের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকালে লালপুর বাজার মসজিদের পুকুর পরিষ্কারের কাজে আরিফুলসহ আরও একজন পানিতে নামেন। পরিষ্কার করার একপর্যায়ে আরিফুল হঠাৎ গভীর পানিতে ডুবে যান।

সহকর্মী ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পুকুরে তল্লাশি চালিয়ে আরিফুলকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। দ্রুত তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুকুর পরিষ্কার করতে গিয়ে পানিতে ডুবেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।

মসজিদের কাজে এসে যুবকের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন