ধান মাড়াই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ণ
ধান মাড়াই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার সাদুল্লাপুরে ধান মাড়াইয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

রোববার (১০ মে) দুপুরের দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত জাফর প্রামাণিক (৪৫) পাইকা গ্রামের মৃত হায়দার প্রামাণিকের ছেলে। তিনি স্থানীয় খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজের বাড়ির উঠানে ধান মাড়াইয়ের কাজ করছিলেন জাফর। এ সময় ধান মাড়াইয়ের যন্ত্রের (মাড়াই কল) সাথে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে তিনি অসাবধানতাবশত তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। চিৎকার শুনে স্বজন ও প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ধান মাড়াইয়ের মৌসুমে এমন আকস্মিক মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

মন্তব্য করুন