প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে নৈতিকতা জরুরি: তথ্যমন্ত্রী

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০৬:২৩ অপরাহ্ণ
প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে নৈতিকতা জরুরি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির যুগে ভবিষ্যৎ প্রজন্মকে কেবল প্রযুক্তিগতভাবে দক্ষ করলেই চলবে না; ডিজিটাল লিটারেসির (সাক্ষরতা) পাশাপাশি তাদের নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তিনি বলেন, তরুণদের মনোজগতে নৈতিকতার মজবুত ভিত্তি না থাকলে মেধা ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব নয়।

আজ রোববার রাজধানীর ড্যাফোডিল টাওয়ার মিলনায়তনে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট আয়োজিত ‘সবার আগে বাংলাদেশ দর্শন বাস্তবায়নে নৈতিক শিক্ষার ভূমিকা’ শীর্ষক জাতীয় সেমিনার ও শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, “আমাদের রাষ্ট্রকে দ্রুত আধুনিক ডিজিটাল চরিত্রে রূপান্তর করতে হবে। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় তরুণদের মূল্যবোধ তৈরিতে সহায়ক কনটেন্ট প্রচারের ওপর গুরুত্ব দিতে হবে।”

৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী বলেন, একজন রাষ্ট্রনায়ক বা দায়িত্বশীল ব্যক্তির যদি নৈতিক মানদণ্ড ঠিক না থাকে, তবে তার পরিণতি ভালো হয় না। তিনি আরও বলেন, “অতীতের দুর্বৃত্তায়নের সংস্কৃতি থেকে দেশ এখন মুক্ত। বর্তমানে মুক্ত আলোচনার পরিবেশ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি নৈতিক সমাজ গঠন করতে হবে।”

মন্ত্রী তাঁর বক্তব্যে শিক্ষাব্যবস্থায় নৈতিক শিক্ষার প্রতিফলন থাকার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, মানুষের পাশবিক প্রবৃত্তি নিয়ন্ত্রণের জন্য উন্নত মনস্তত্ত্ব নিয়ে বড় হওয়া জরুরি।

সেমিনার শেষে মন্ত্রী কৃতি শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন