হবিগঞ্জে বাসচাপায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ণ
হবিগঞ্জে বাসচাপায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

মোঃ ইউসুফ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সহপাঠীরা সড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

রোববার (১০ মে) দুপুরে হবিগঞ্জ শহরের ধুলিয়াখাল বাইপাস সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আব্দুস শহীদের ছেলে। তিনি বৃন্দাবন সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী একটি বাসের সঙ্গে জাহিদুলের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

সহপাঠীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থীরা হবিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক বাসটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন