আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেঙ্গালুরু সফরের আগমুহূর্তে নির্ধারিত অনুষ্ঠানস্থলের কাছ থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তার স্বার্থে এরই মধ্যে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
রোববার (১০ মে) সকালে বেঙ্গালুরুর কাগালিপুরা এলাকার একটি আশ্রমের কাছে ফুটপাতের পাশে দুটি জেলাটিন স্টিক পড়ে থাকতে দেখেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। প্রধানমন্ত্রীর আগমনের প্রাক্কালে নিয়মিত তল্লাশি চালানোর সময় এই বিস্ফোরকগুলোর হদিস মেলে। উদ্ধারকৃত এলাকাটি প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানস্থল থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত।
বিস্ফোরক পাওয়ার পরপরই পুরো এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ফরেনসিক বিশেষজ্ঞরা। বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করার পাশাপাশি সেগুলো কোথা থেকে এল এবং এর পেছনে কোনো বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পরপরই একজনকে আটক করা হয়েছে এবং তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলোও এই ঘটনার পর সতর্ক অবস্থানে রয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বেঙ্গালুরু এবং এর আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
বিস্ফোরক উদ্ধারের এই ঘটনা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্নের সৃষ্টি করেছে, বিশেষ করে প্রধানমন্ত্রীর মতো উচ্চপদস্থ ব্যক্তির সফরের ঠিক আগে এমন তৎপরতা বড় কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়ে তদন্ত চলছে।