নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের মধ্যম চাক্তাই এলাকায় বাজার তদারকি অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর মধ্যে কেবল ভেজাল মসলা তৈরির দায়েই একটি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১০ মে) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করে। অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে এই তদারকি কার্যক্রম চালানো হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ: ১. মেসার্স নবীন ট্রেডার্স: জিরার সঙ্গে কেরাওয়ে সিডস (ভেজাল দ্রব্য) মিশিয়ে বাজারজাত করা, নোংরা পরিবেশে মসলা প্যাকেটজাত করা, পোকাযুক্ত নষ্ট মসলা বিক্রি এবং পোস্তগুঁড়ার সঙ্গে ভেজাল দ্রব্য মেশানোর দায়ে এই প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। ২. মেসার্স গোপাল দাস: টেক্সটাইল বা শিল্পে ব্যবহৃত রং খাদ্যপণ্য হিসেবে বিক্রি এবং খাবারে মারাত্মক ক্ষতিকর নিষিদ্ধ কেমিক্যাল ‘হাইড্রোজ’ বিক্রির দায়ে এই দোকানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ৩. মেসার্স শাহ আমানত স্টোর: মেয়াদোত্তীর্ণ ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে ৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, “ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের এই নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। খাদ্যে ভেজাল দেওয়া বা ক্ষতিকর কেমিক্যাল মেশানো ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ছাড় নেই, আইনি ব্যবস্থা আরও কঠোর হবে।”
চাক্তাইয়ের এই অভিযানে বড় অঙ্কের জরিমানার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ ভোক্তারা অধিদপ্তরের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।