আগামী সপ্তাহে বাজারে আসছে দিনাজপুরের লিচু

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ণ
আগামী সপ্তাহে বাজারে আসছে দিনাজপুরের লিচু

তাজুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: স্বাদে ও গন্ধে অতুলনীয় দিনাজপুরের লিচু বাজারে আসতে আর মাত্র সাত থেকে দশ দিন বাকি। গাছে গাছে সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে লালচে গোলাপি ও সবুজ রঙের লিচু। এবার তাপমাত্রা বেশি থাকায় ফলন কিছুটা কম হলেও লিচুর গুণগত মান নিয়ে আশাবাদী চাষিরা।

দিনাজপুরের ১৩টি উপজেলাতেই কম-বেশি লিচু চাষ হয়। এর মধ্যে বিরল উপজেলার রবিপুর, মাধববাটি এবং সদরের মাসিমপুর এলাকা লিচু চাষের জন্য সবচেয়ে বিখ্যাত। চাষিরা জানান, আগামী সপ্তাহের মধ্যেই মাদ্রাজি ও বোম্বাই জাতের আগাম লিচু বাজারে উঠবে। এরপর পর্যায়ক্রমে বেদানা, চায়না-থ্রি ও কাঁঠালি লিচু পাড়া শুরু হবে।

চলতি মৌসুমে তীব্র তাপপ্রবাহ এবং মাঝেমধ্যে ঝড়-শিলাবৃষ্টির কারণে লিচুর গুটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কৃষি অফিসের পরামর্শে নিয়মিত গাছের গোড়ায় পানি দেওয়া এবং লিচুর গায়ে পানি স্প্রে করায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। বিরল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার জানান, জেলায় প্রায় ৫ হাজার ৪৮৯ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে এবং বাগানের সংখ্যা ৪ হাজারের বেশি।

সারাদেশে দিনাজপুরের লিচুর ব্যাপক চাহিদা থাকায় প্রতি বছরের মতো এবারও লিচু ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হচ্ছে। চাষিরা আশা করছেন, শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে ন্যায্য দাম পাবেন তারা।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন