মা দিবস উপলক্ষ্যে বিশেষ সম্মাননা পেলেন ববিতা

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ণ
মা দিবস উপলক্ষ্যে বিশেষ সম্মাননা পেলেন ববিতা

বিশ্ব মা দিবস উপলক্ষে বিশেষ সম্মাননা ‘মা পদক ২০২৬’ পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। শনিবার (৯ মে) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন গুণী অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত।

চলচ্চিত্রে অসামান্য অবদানের পাশাপাশি বাস্তব জীবনে একজন আদর্শ মা হিসেবে একমাত্র সন্তান অনিককে সুশিক্ষায় বড় করে তোলার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পদক দেওয়া হয়। পদক গ্রহণের পর ববিতা আবেগাপ্লুত হয়ে বলেন, "একজন নারীর জীবনে মাতৃত্বই সবচেয়ে বড় অর্জন। অভিনেত্রী হিসেবে অনেক পুরস্কার পেলেও মা হিসেবে পাওয়া এই স্বীকৃতি আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে।"

আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ববিতা ছাড়াও আরও কয়েকজন গুণী ব্যক্তির মায়েদের ‘মা পদক ২০২৬’ প্রদান করা হয়। তাঁদের মধ্যে রয়েছেন অভিনয়শিল্পী আহসান হাবিব নাসিম, নাজনিন হাসান চুমকি, হিমি এবং ফারহানা ন্যান্সি।

বাংলা চলচ্চিত্রে তিন শতাধিক সিনেমায় অভিনয় করা ববিতা তাঁর দীর্ঘ ক্যারিয়ারে একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশের অসংখ্য সম্মাননা পেয়েছেন। উল্লেখ্য, আগামী ২৬ জুলাই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ‘আনন্দ মেলা’র পক্ষ থেকেও আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন এই কিংবদন্তি অভিনেত্রী।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন