সরিষাবাড়ীতে ইটভাটার তাপে ফসল নষ্ট, ক্ষতিপূরণ দাবি

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০৫:২৮ অপরাহ্ণ
সরিষাবাড়ীতে ইটভাটার তাপে ফসল নষ্ট, ক্ষতিপূরণ দাবি

তৌকির আহাম্মেদ হাসু, জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চকপাড়া এলাকায় ইটভাটার কালো ধোঁয়া ও অতিরিক্ত তাপে প্রায় ৩০ বিঘা জমির ফসল পুড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে শতাধিক কৃষক চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এবং ক্ষতিপূরণের দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন।

স্থানীয় কৃষকদের দাবি, কৃষিজমির খুব কাছেই অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ইটভাটা থেকে নির্গত গরম বাতাস ও ছাইয়ের কারণে বোরো ধানের শীষ পুড়ে শুকিয়ে গেছে। শুধু ধান নয়, আশপাশের শাক-সবজি, বাঁশঝাড় এবং ফলদ গাছও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষক মোকছেদ আলী ও মকবুল হোসেনসহ অনেকেই জানান, ধারদেনা করে আবাদ করা ফসল নষ্ট হওয়ায় তারা এখন পরিবার নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

সরিষাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ জানান, কৃষকদের অভিযোগের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। ইটভাটার প্রভাবের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিবেশগত নীতিমালা উপেক্ষা করে কৃষিজমির পাশে ইটভাটা পরিচালনার ফলে প্রতি বছরই এমন ক্ষতি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। সচেতন মহল অবিলম্বে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে কঠোর প্রশাসনিক অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন