ফেনী প্রতিনিধি: ফেনীতে আদালত চলাকালীন বিচারকের সামনেই তাহমিনা আক্তার মোহনা নামে এক নারী বিচারপ্রার্থী বিষপান করেছেন।
রোববার দুপুরে ফেনী জেলা ও দায়রা জজ আদালতের ফুলগাজী আমলী আদালতের এজলাসে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
আদালতের পেশকার ও বাদীর আইনজীবী সূত্রে জানা গেছে, বিচারপ্রার্থী তাহমিনা আক্তার মোহনা ভালোবেসে ২০২৫ সালে ফুলগাজীর চার সন্তানের জনক আকবর হোসেনকে বিয়ে করেন। বিয়ের পর বনিবনা না হওয়ায় চলতি বছরের ২৯ জানুয়ারি তিনি স্বামীর বিরুদ্ধে মামলা করেন। রোববার সেই মামলার ধার্য তারিখ ছিল।
মামলার শুনানি চলাকালে বাদী ও বিবাদী উভয়ই আদালতে উপস্থিত ছিলেন। বিচার কার্যক্রম চলাকালীন হঠাৎ ক্ষোভ ও হতাশা থেকে নিজের সাথে থাকা বিষপান করেন মোহনা। উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আদালত কক্ষের ভেতরে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় আদালত পাড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মোহনার শারীরিক অবস্থা এবং ঘটনার পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
এ.আই.এল/সকালবেলা