একাধিক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, মাদরাসা শিক্ষক বহিষ্কার

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০৫:২৫ অপরাহ্ণ
একাধিক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, মাদরাসা শিক্ষক বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ফটিকছড়িতে একাধিক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক মাদরাসা শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক মাওলানা মোহাম্মদ মারুফ উপজেলার নাজিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বায়তুল করিম নূরানী মাদরাসায় কর্মরত ছিলেন।

ঘটনার তিন দিন পরে আজ রোববার (১০ মে) বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। জানা গেছে, মাওলানা মোহাম্মদ মারুফ ওই মাদরাসার এক শিশু শিক্ষার্থীসহ বেশ কয়েকজন শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানোর সুযোগে দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করে আসছিলেন। ভুক্তভোগী এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে নেওয়ার পর পুরো বিষয়টি প্রকাশ পায়। এরপর অন্য অনেক অভিভাবকও একই ধরনের অভিযোগ করতে শুরু করেন।

অভিযোগের গুরুত্ব বিবেচনা করে গত বৃহস্পতিবার (৭ মে) মাদরাসা কর্তৃপক্ষ জরুরি বৈঠক ডেকে অভিযুক্ত শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে মাদরাসার মুহতামিম মাওলানা এমদাদ উল্ল্যাহ বলেন, “শিক্ষকের বিরুদ্ধে অভিযোগগুলো জানার পরেই আমরা তাকে বহিষ্কার করেছি। শিশুদের নিরাপত্তার প্রশ্নে আমরা কোনো আপস করব না।”

স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি ধামাচাপা দিতে গত বৃহস্পতিবার একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানে অভিযুক্ত শিক্ষককে মারধর করা হয়। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, ঘটনাটি তারা শুনেছেন তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন