নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন দেওয়ানজী পুকুরপাড় এলাকায় একটি বাসা থেকে পলি চৌধুরী (৪৬) নামে এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১০ মে) বিকেল ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক রাশেদ জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। বাসার ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। পরে ঘরের মেঝেতে ওই শিক্ষিকার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে মরদেহটিতে পচন ধরেছে এবং কিছুটা ফুলে গেছে।
পলি চৌধুরীর বোন জানান, গত শনিবার থেকেই তাঁর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যাচ্ছিল না। রোববার সরাসরি বাসায় এসে দরজা ভেতর থেকে বন্ধ দেখে সন্দেহ হয়। কোনো উপায় না দেখে তাঁরা ৯৯৯-এ কল দিয়ে পুলিশের সহায়তা নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পলি চৌধুরী অবিবাহিত ছিলেন এবং ওই বাসায় একাই থাকতেন। তাঁর বাবা আগেই মারা গেছেন এবং মা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তিনি পেশায় একজন স্কুল শিক্ষিকা ছিলেন।
পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।