ইউটিউবের সার্চ বারে দেখা যাবে বড় পরিবর্তন

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ণ
ইউটিউবের সার্চ বারে দেখা যাবে বড় পরিবর্তন

ভিডিও স্ট্রিমিং জায়ান্ট ইউটিউব তাদের সার্চ অভিজ্ঞতায় এক বৈপ্লবিক পরিবর্তন আনতে যাচ্ছে। এবার সাধারণ কী-ওয়ার্ড সার্চের পাশাপাশি যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্ভর চ্যাট সুবিধা। ‘Ask YouTube’ নামের এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি চ্যাটবটের সঙ্গে কথা বলে ভিডিও খুঁজে নিতে পারবেন।

এতদিন ইউটিউবে ভিডিও খুঁজতে টাইপ বা ভয়েস কমান্ড ব্যবহার করতে হতো। তবে নতুন এই ফিচারে ব্যবহারকারীরা সরাসরি এআই চ্যাটবটের সঙ্গে কথোপকথন চালিয়ে নিজেদের প্রয়োজন বুঝিয়ে দিতে পারবেন। এটি কেবল ভিডিও খুঁজেই দেবে না, বরং ভিডিওর সংক্ষিপ্তসার (Summary) তৈরি করা এবং ভিডিওর নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে করা প্রশ্নের উত্তরও দিতে সক্ষম হবে।

ইউটিউব জানিয়েছে, সার্চ বারের পাশে অথবা ভিডিওর ঠিক নিচে ‘Ask’ নামে একটি নতুন অপশন যুক্ত হবে। সেখানে ক্লিক করলে সাধারণ সার্চ রেজাল্টের বদলে একটি চ্যাট ইন্টারফেস উন্মুক্ত হবে। ব্যবহারকারী সেখানে তার প্রশ্ন লিখলে এআই তাৎক্ষণিক উত্তর দেবে এবং ভিডিওর সবচেয়ে প্রাসঙ্গিক অংশগুলো সংক্ষেপে তুলে ধরবে। এমনকি ভিডিও চলার সময়ও চ্যাটবটটি প্রাসঙ্গিক তথ্য প্রদান করবে।

বর্তমানে এই ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আপাতত এটি শুধুমাত্র ‘YouTube Premium’ গ্রাহকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। সফল পরীক্ষা শেষে পর্যায়ক্রমে সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করা হতে পারে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন