ক্যাম্পাসে রাজনীতি ও মতপ্রকাশ শিক্ষার্থীর মৌলিক অধিকার: নাছির উদ্দীন

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ণ
ক্যাম্পাসে রাজনীতি ও মতপ্রকাশ শিক্ষার্থীর মৌলিক অধিকার: নাছির উদ্দীন

নিজস্ব প্রতিবেদক: ছাত্ররাজনীতিতে অংশগ্রহণের সুযোগ, ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা একজন শিক্ষার্থীর মৌলিক অধিকার বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। তিনি অভিযোগ করেছেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মব’ সৃষ্টি করে ছাত্ররাজনীতিকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে।

শনিবার (৯ মে) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাছির উদ্দীন দাবি করেন, ইডেন কলেজে বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার নেপথ্যে রয়েছে ‘ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধন’। তিনি বলেন, ইডেনে মব সৃষ্টি করে ছাত্রদলের নেত্রীদের এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের হেনস্তা করা হচ্ছে এবং ছাত্রীদের হল থেকে বের করে দেওয়া হচ্ছে।

পোস্টে তিতুমীর কলেজের একটি ঘটনার কথা উল্লেখ করে ছাত্রদল নেতা বলেন, কিছুদিন আগে সেখানে রাতের বেলা গেট ভেঙে মব সৃষ্টি করে ছাত্রদলের নেত্রীদের হেনস্তা করা হয়েছিল। তাঁর দাবি, ওই ঘটনায় জড়িত ব্যক্তিরা পরে শিবিরের নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তিনি আরও বলেন, “এর আগেও বিভিন্ন ক্যাম্পাসে গুপ্ত সংগঠন শিবির তাদের কর্মীদের ব্যবহার করে ছাত্ররাজনীতি বন্ধের পরিবেশ তৈরি করেছিল।”

নাছির উদ্দীন হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এসব ‘মব সন্ত্রাস’ ও ছাত্রদলের নেত্রীদের হয়রানি বন্ধ না হলে ছাত্রদল কঠোর প্রতিরোধ গড়ে তুলবে। একইসঙ্গে তিনি ইডেন কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের রাজনৈতিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং কোনো ধরনের ‘কূটচাল বা ধোঁকাবাজির’ কাছে নতি স্বীকার করা চলবে না।

মন্তব্য করুন