কসবায় চোরাচালান চক্রের দুই সদস্য আটক

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৫১ অপরাহ্ণ
কসবায় চোরাচালান চক্রের দুই সদস্য আটক

সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের রেশ কাটতে না কাটতেই আবারও বেপরোয়া হয়ে উঠেছে চোরাচালান সিন্ডিকেট। 

রবিবার (১০ মে) সকালে কসবার গোপীনাথপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার একটি দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মোঃ মালু (৩৮) ও মোঃ মনির (৩৫) নামে দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করে। তাদের কাছ থেকে ৫ বস্তা বাসমতি চাল, ৩ বস্তা জিরা, ২ কার্টুন এনার্জি ড্রিংক এবং ১ বস্তা চশমা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এসব পণ্য ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

স্থানীয়দের অভিযোগ, ধজনগর, খামারপাড়া ও মধুপুর রুট ব্যবহার করে নিয়মিত অবৈধ কারবার চলছে। মাঠ পর্যায়ের বাহকরা ধরা পড়লেও স্থানীয় প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় থাকা মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। বিএসএফের গুলিতে প্রাণহানির ঘটনার পরও দ্রুত অর্থ উপার্জনের নেশায় বেকার যুবকরা এই ঝুঁকিপূর্ণ পথে পা বাড়াচ্ছে, যা এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা জানান, সীমান্ত এলাকায় অবৈধ কার্যক্রম রোধে পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং চোরাচালান বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন