স্পোর্টস ডেস্ক: মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের করা ৪১৩ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৩৮৬ রানে অলআউট হয়েছে পাকিস্তান ক্রিকেট দল।
১ উইকেটে ১৭৯ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা পাকিস্তান আজ দিনের শুরুতেই ধাক্কা খায়। তবে অভিষিক্ত তরুণ ব্যাটার আজান আওয়াইস ক্যারিয়ারের প্রথম টেস্টেই সেঞ্চুরি তুলে নেন। ১০৩ রান করে তিনি বিদায় নিলে চাপের মুখে পড়ে সফরকারীরা। আব্দুল্লাহ ফজল (৬০), মোহাম্মদ রিজওয়ান (৫৯) এবং সালমান আলি আগা (৫৮) ফিফটি করে লড়াই চালালেও শেষ পর্যন্ত ৩৮৬ রানেই থামে তাদের ইনিংস।
দিনের শেষভাগে পাকিস্তানের লোয়ার অর্ডার ব্যাটাররা খুব একটা সুবিধা করতে পারেননি। নোমান আলি, শাহিন আফ্রিদি ও হাসান আলিরা মিলে মাত্র ৩৩ রান যোগ করতে সক্ষম হন। ফলে প্রথম ইনিংসে ৪১৩ রান করা বাংলাদেশ ২৭ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করার সুযোগ পাচ্ছে।
এর আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ১০১ এবং মুমিনুল হকের ৯১ রানের সৌজন্যে বড় সংগ্রহ দাঁড় করায়। পাকিস্তানের পক্ষে বল হাতে মোহাম্মদ আব্বাস ৫ উইকেট শিকার করেন। বর্তমানে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে।
জান্নাত/সকালবেলা