গাজীপুরে গণপিটুনিতে তিন গরুচোর নিহত

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০৫:০৮ অপরাহ্ণ
গাজীপুরে গণপিটুনিতে তিন গরুচোর নিহত

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে ক্ষুব্ধ জনতা। 

রোববার (১০ মে) ভোররাত চারটার দিকে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় চোরদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ চোর চক্র পিকআপ ভ্যান নিয়ে বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে গরু চুরি করতে যায়। বাড়ির মালিক টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন জড়ো হয়ে তাদের ধাওয়া করেন। একপর্যায়ে তিনজনকে তালা কাটার সরঞ্জাম ও দেশীয় অস্ত্রসহ আটক করে গণপিটুনি দেয় জনতা। উত্তেজিত জনতা তাদের বহনকারী পিকআপ ভ্যানটিতেও অগ্নিসংযোগ করে।

খবর পেয়ে কালিয়াকৈর থানা ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন