আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রবিবার (১০ মে) কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই তালিকা প্রকাশ করা হয়।
এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম প্রার্থীদের নাম ঘোষণা করেন। প্রাক-বাছাই প্রক্রিয়ায় অন্য দল থেকে আসা প্রার্থীদের বিষয়ে তিনি বলেন, তালিকায় বিএনপি-জামায়াত করা নেতা যেমন আছেন, তেমনি আগে কখনও রাজনীতি করেননি এমন ব্যক্তিরাও রয়েছেন। এছাড়া যারা কয়েক বছর আগে আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে জুলাই অভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, তাদের মধ্য থেকেও গ্রহণযোগ্য ব্যক্তিদের প্রার্থী করা হয়েছে।
জামায়াত ইসলামীসহ ১১ দলীয় জোটের বিষয়ে সারজিস আলম স্পষ্ট করেন যে, এনসিপি আপাতত এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তিনি জানান, প্রতিটি উপজেলায় জোটবদ্ধভাবে একজন প্রার্থী নির্বাচন করা কঠিন, তাই এই সিদ্ধান্ত। তবে ভবিষ্যতে জোটের বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরকারকে দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ সময়রেখা বা রোডম্যাপ প্রকাশ করার আহ্বান জানান। জানানো হয়, পরবর্তীতে ধাপে ধাপে বাকি উপজেলা ও পৌরসভার প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
জান্নাত/সকালবেলা