ইরাকের মরুভূমিতে ইসরায়েলের গোপন ঘাঁটি; বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ণ
ইরাকের মরুভূমিতে ইসরায়েলের গোপন ঘাঁটি; বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে বিমান অভিযান পরিচালনার সুবিধার্থে ইরাকের মরুভূমিতে ইসরায়েল একটি অতি গোপনীয় সামরিক ঘাঁটি স্থাপন করেছে বলে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই গোপন ঘাঁটিটি মূলত ইসরায়েলি বিমান বাহিনীর লজিস্টিক হাব এবং বিশেষ বাহিনীর (Special Forces) কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। মার্কিন কর্মকর্তাদের সূত্র দিয়ে বলা হয়েছে, ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর ঠিক আগমুহূর্তে যুক্তরাষ্ট্রের এক ধরনের সম্মতিতে এই স্থাপনাটি তৈরি করা হয়। এর মূল লক্ষ্য ছিল ইরানে হামলা চালিয়ে ফেরার পথে ইসরায়েলি যুদ্ধবিমানগুলোকে কারিগরি সহায়তা দেওয়া এবং কোনো বিমান বিধ্বস্ত হলে পাইলটদের উদ্ধারে দ্রুত অভিযান চালানো।

অত্যন্ত সুকৌশলে নির্মিত এই ঘাঁটিটি দীর্ঘ সময় গোপন থাকলেও গত মার্চ মাসের শুরুর দিকে তা জানাজানি হওয়ার উপক্রম হয়। ইরাকি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, স্থানীয় এক মেষপালক ওই এলাকায় হেলিকপ্টারসহ অস্বাভাবিক সামরিক তৎপরতা লক্ষ্য করে কর্তৃপক্ষকে অবহিত করেন।

মেষপালকের তথ্যের ভিত্তিতে ইরাকি সেনাবাহিনী ওই এলাকায় তদন্ত করতে অগ্রসর হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রতিবেদন অনুযায়ী, ঘাঁটিটির অবস্থান গোপন রাখতে ইসরায়েলি বাহিনী ইরাকি সেনাদের লক্ষ্য করে বিমান হামলা চালায়। এই হামলার মাধ্যমে ইরাকি বাহিনীকে দূরে সরিয়ে রাখা হয় যাতে তারা মূল স্থাপনাটির হদিস না পায়।

উল্লেখ্য, এই গোপন ঘাঁটির অস্তিত্ব এবং ইরাকি ভূখণ্ডে ইসরায়েলি সামরিক তৎপরতা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তায় নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন