নোয়াখালী বিভাগের দাবিতে শাহবাগ অবরোধ

প্রকাশ: শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ণ
নোয়াখালী বিভাগের দাবিতে শাহবাগ অবরোধ

সকালবেলা ডেস্ক: নোয়াখালীকে পৃথক বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এতে ব্যস্ততম এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

জানা যায়, জুমার নামাজ শেষে বিকেল ৩টার দিকে পুরান ঢাকার চকবাজার চক মসজিদ এলাকা থেকে শাহবাগের উদ্দেশ্যে একটি মিছিল বের করেন আন্দোলনকারীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌনে ৪টার দিকে শাহবাগে পৌঁছে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়।

অবরোধকালে নোয়াখালীকে দ্রুত বিভাগ হিসেবে ঘোষণার দাবিতে নানা স্লোগান দেন অংশগ্রহণকারীরা। তাদের দাবি, দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়ন হলে প্রশাসনিক কার্যক্রম গতিশীল হওয়ার পাশাপাশি বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষের নাগরিক সুযোগ-সুবিধা ও সেবা প্রাপ্তি সহজ হবে।

এদিকে শাহবাগে সড়ক অবরোধের কারণে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে আশপাশের রুটেও এর প্রভাব পড়ে, ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, তারা সার্বিক পরিবেশ শান্ত রাখতে কাজ করছেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিস্তারিত জানাবেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন