মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় কমিটির সদস্য হলেন বিলকিস ইসলাম এমপি
মোঃ মাইনুল হক, নীলফামারী প্রতিনিধি: জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সংরক্ষিত নারী আসন (৩০৭) থেকে নির্বাচিত নীলফামারীর সংসদ সদস্য বিলকিস ইসলাম।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মহিলা ও শিশু অধিকার রক্ষা, নারী উন্নয়ন এবং শিশুদের সার্বিক সুরক্ষায় ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে তাঁকে এই গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সদস্য মনোনীত করা হয়।
সেলিমা রহমান এমপিকে সভাপতি করে গঠিত এ স্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন—মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এমপি, রাশেদা বেগম হীরা এমপি এবং বিলকিস ইসলাম এমপি।
সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় সন্তোষ প্রকাশ করে বিলকিস ইসলাম এমপি জানান, তৃণমূল পর্যায়ে নারী ও শিশুদের কল্যাণ, বাল্যবিয়ে ও যৌতুক প্রথা রোধ এবং নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে তিনি নিরলস কাজ করে যাবেন। বিশেষ করে তাঁর নির্বাচনী এলাকা সৈয়দপুর, কিশোরগঞ্জ ও জলঢাকার নারী সমাজের উন্নয়ন ও শিশু সুরক্ষায় জাতীয় পর্যায় থেকে কার্যকর পদক্ষেপ নিতে সচেষ্ট থাকবেন।
এদিকে, বিলকিস ইসলাম এমপি স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় নীলফামারীর সৈয়দপুর, কিশোরগঞ্জ ও জলঢাকা উপজেলার সর্বস্তরের জনসাধারণ, সুশীল সমাজ ও দলীয় নেতাকর্মীরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এআইএল/সকালবেলা