পটুয়াখালীতে স্লিপার বাস পুকুরে, ১৫ পর্যটক আহত
জাহিদ শিকদার, বিশেষ প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘আইকনিক পরিবহন’-এর একটি ডাবল ডেকার স্লিপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি (ঢাকা মেট্রো-ব ১২৪৫৫৫) ২০ থেকে ২৫ জন পর্যটক নিয়ে ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হয়। শুক্রবার সকালে খলিলপুর এলাকায় পৌঁছালে এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি অগভীর পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন এবং গুরুতর আহত ৬ জনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
জানা গেছে, বাসটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০২৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা ছিলেন। তাঁরা ভ্রমণের উদ্দেশ্যে কুয়াকাটা যাওয়ার জন্য বাসটি রিজার্ভ নিয়েছিলেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। তবে ঘটনার পর থেকে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এআইএল/সকালবেলা