বাগেরহাটে বিকাশকর্মীর ৩ লাখ টাকা ছিনতাই, থানায় অভিযোগ

প্রকাশ: বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ণ
বাগেরহাটে বিকাশকর্মীর ৩ লাখ টাকা ছিনতাই, থানায় অভিযোগ

মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের এক কর্মীর কাছ থেকে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গেলে ওই কর্মীকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বেলতলা হাটের মোড় থেকে চেয়ারম্যানের বাড়ির দিকে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী কর্মী আহত হয়েছেন। ঘটনার পর ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাগেরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকার একটি বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের ওই কর্মী সকাল সাড়ে ১০টার দিকে ৩ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে বিভিন্ন এজেন্টের কাছে যাচ্ছিলেন। পথিমধ্যে বেলতলা হাটের মোড় পার হয়ে চেয়ারম্যানের বাড়ির দিকে যাওয়ার সময় তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুষ্কৃতকারী তাঁর পথরোধ করে।

ছিনতাইকারীরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় ছিনতাইকারীদের একজন দেশীয় অস্ত্র দিয়ে তাঁর মাথায় আঘাত করে ৩ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

বাগেরহাট বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের ম্যানেজার মো. শহিদুল ইসলাম বলেন, “সকালে ৩ লাখ টাকা দিয়ে আমাদের এক কর্মীকে পাঠানো হয়েছিল। বেলতলা এলাকায় তিনটি মোটরসাইকেলে আসা দেশীয় অস্ত্রধারীরা তার গতিরোধ করে টাকা নিয়ে যায় এবং তাকে আঘাত করে। এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।”

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টির সত্যতা যাচাই ও তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন