এদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলেই বাংলাদেশী: এস এম জিলানী
আরিফ হাজরা, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: দেশে কেউ সংখ্যালঘু নয়, সকলেই বাংলাদেশী বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এদেশের মাটিতে কারও পক্ষে ধর্মীয় বিভাজন সৃষ্টির সুযোগ নেই।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কেন্দ্রীয় দুর্গা ও কালী মন্দির কমিটি আয়োজিত জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম জিলানী বলেন, “আমরা সম্প্রীতিতে বিশ্বাসী। দেশের সকল মানুষ সম্প্রীতি বজায় রেখে তাঁদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবেন। আমিও আমার জীবনের সবটুকু দিয়ে এ অঞ্চলের মানুষের অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখব।”
জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, সনাতন ধর্মানুসারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রযোগে মথুরায় কংসের কারাগারে মাতা দেবকীর গর্ভে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। দুষ্টের দমন ও শিষ্টের পালনে শ্রীকৃষ্ণ এ ধরাধামে আবির্ভূত হয়েছিলেন।
উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমি জাতীয় সংসদে গিয়ে আপনাদের কথা বলেছি এবং আপনাদের নিরাপত্তার জন্য সরকারের সহযোগিতা চেয়েছি। খুব শীঘ্রই কোটালীপাড়ায় একটি মডেল মন্দির নির্মাণের কাজ শুরু করা হবে।”
প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীন ও প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাসসহ সনাতন ধর্মের স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, বিএনপি নেতা মানিক হাওলাদার ও কাজী অমিত মাহমুদসহ স্থানীয় বিপুলসংখ্যক রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা