কুমিল্লা জেলা আ. লীগ নেতা সাজ্জাদ গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ণ
কুমিল্লা জেলা আ. লীগ নেতা সাজ্জাদ গ্রেপ্তার

বুড়িচং-ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর ধর্মসাগরের পশ্চিম পাড় সংলগ্ন চেয়ারম্যান গলির নিজ বাসভবন থেকে পুলিশের বিশেষ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিকেল ৪টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালানোসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের হয়ে সক্রিয় প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন।

সাজ্জাদ হোসেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি জাতীয় সংসদ নির্বাচনেও প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করে থানা হেফাজতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে এবং বিস্তারিত পরে জানানো হবে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন