হামহাম জলপ্রপাত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম হামহাম জলপ্রপাত এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় হামহাম জলপ্রপাতের মোকামটিলা এলাকায় ছড়ার পানিতে একটি লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয় মাছ শিকারীরা। পরে তারা বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করেন।
সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাতেই বন বিভাগ, ফায়ার সার্ভিস ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযানে নামে। পাহাড়ি ও দুর্গম পথ অতিক্রম করে শুক্রবার সকালে উদ্ধারকারী দল লাশটি উদ্ধার করতে সক্ষম হয়।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমির তালুকদার জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনাজনিত মৃত্যু, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
এআইএল/সকালবেলা