বিজয়নগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ণ
বিজয়নগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিপুল পরিমাণ ইয়াবা ও নিষিদ্ধ এসকাফ সিরাপসহ মো. জসিম (৩৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মিরাসানি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৯, সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া)-এর একটি আভিযানিক দল। গ্রেপ্তারকৃত জসিম একই এলাকার মো. শিরু খাঁর ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মিরাসানি এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে জসিম পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে ঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ার তল্লাশি করে ১ হাজার ৯০৫ পিস ইয়াবা এবং ৩ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম জানায়, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

স্থানীয়রা জানান, জসিম নিজ বাড়ির সামনে দোকান দিয়ে স্বজনদের মাধ্যমে দিনদুপুরে প্রকাশ্যে মাদক বিক্রি করত। তার কারণে এলাকার সাধারণ মানুষ তটস্থ থাকত। স্থানীয়দের অভিযোগ, অসাধু চক্রের ছত্রছায়ায় সে এতদিন নির্বিঘ্নে এই অপরাধ সাম্রাজ্য পরিচালনা করে আসছিল।

র‍্যাব-৯ জানিয়েছে, উদ্ধারকৃত আলামতসহ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন