রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর কেন্দ্র করে উৎসবের আমেজ

প্রকাশ: শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ণ
রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর কেন্দ্র করে উৎসবের আমেজ

বিশেষ প্রতিনিধি: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর আগমনকে কেন্দ্র করে গোটা জেলায় বইছে আনন্দের বন্যা। উৎসবমুখর পরিবেশে চলছে নানা আয়োজন, বরণ করে নিতে রাঙিয়ে তোলা হচ্ছে শহরের সড়ক বিভাজক (ডিভাইডার) ও বিভিন্ন স্থাপনা। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে প্রস্তুত করা হচ্ছে বিশাল নাগরিক সংবর্ধনা মঞ্চ।

ঘোষিত সফরসূচি অনুযায়ী, আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে অবস্থান করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরের প্রথম দিন তিনি মা-বাবার কবর জিয়ারত ও নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন। পরদিন তাঁর ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে।

রাষ্ট্রপতির এই সফরকে ঘিরে জেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। এসএসএফ (স্পেশাল সিকিউরিটি ফোর্স) সদস্যরা ইতোমধ্যে এলাকায় পৌঁছে নিরাপত্তা প্রস্তুতি তদারকি করছেন।

রেওয়াজ অনুযায়ী শহরের সড়ক বিভাজক ও আশপাশের এলাকায় সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে দেখা গেছে ব্যাপক উদ্দীপনা। বাসিন্দারা জানান, রাজপথের লড়াকু ব্যক্তিত্ব থেকে রাষ্ট্রপতির আসনে আসীন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বরণ করতে পুরো শহর সেজে উঠছে। তারা আশা করছেন, রাষ্ট্রপতির এই সফরের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সামগ্রিক অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি আসবে।

সংবর্ধনা উদযাপন কমিটির আহ্বায়ক ডা. মুহাম্মদ আবু খয়রুল কবির জানান, দল-মত নির্বিশেষে সাধারণ মানুষকে সাথে নিয়ে রাষ্ট্রপতিকে সংবর্ধনা দিতে ঐতিহাসিক মাঠে ব্যাপক প্রস্তুতি চলছে, যেখানে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) মো. বেলাল হোসেন জানান, রাষ্ট্রপতির যাতায়াতের পথ ও অনুষ্ঠানস্থলসহ পুরো এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন