মদনে ১০০ বস্তা সরকারি চালসহ আটক ২

প্রকাশ: শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ণ
মদনে ১০০ বস্তা সরকারি চালসহ আটক ২

মোঃ সাকের খান, মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে কালোবাজারে পাচারের সময় দুটি হ্যান্ডট্রলি ভর্তি ১০০ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ সময় চাল পরিবহনে ব্যবহৃত হ্যান্ডট্রলির দুই চালককে আটক করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় চাল জব্দ ও তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—উপজেলার দেওসহিলা গ্রামের আবু কালামের ছেলে মামুন মিয়া (২৮) ও একই গ্রামের আব্দুল হকের ছেলে আকার উল্লাহ (২৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে দুস্থদের জন্য সরকারি বরাদ্দের ওএমএসের চাল বিতরণ চলছিল। অভিযোগ রয়েছে, কিছু সুবিধাভোগী এই চাল বাড়িতে না নিয়ে অসাধু চক্রের কাছে স্বল্পমূল্যে বিক্রি করে দেন। শুক্রবার সকালে একটি চক্র সেই চাল সংগ্রহ করে দুটি হ্যান্ডট্রলিতে করে নেত্রকোনা সদরের দিকে নিয়ে যাচ্ছিল। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী হ্যান্ডট্রলি দুটি আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাল জব্দসহ দুই চালককে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয় সচেতন নাগরিকেরা ক্ষোভ প্রকাশ করে জানান, সরকারি চাল কোন অসাধু চক্র সংগ্রহ করে পাচার করছিল তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উন্মোচন করা প্রয়োজন। পাশাপাশি যেসকল সুবিধাভোগী চাল বিক্রি করে দিচ্ছেন, তাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে প্রকৃত দুস্থদের অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।

মদন থানার ওসি সালাহউদ্দীন করিম জানান, ফতেপুর এলাকা থেকে সরকারি চাল বোঝাই দুটি হ্যান্ডট্রলি আসছে—এমন তথ্যের ভিত্তিতে রুদ্রশ্রী এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১০০ বস্তা চাল ও দুটি হ্যান্ডট্রলিসহ দুই চালককে আটক করা হয়। চালের সঠিক পরিমাণ নির্ণয় ও ঘটনার মূল রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম জানান, সরকারি চাল জব্দের ঘটনায় থানায় মামলা দায়েরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন