উত্তরায় হোটেল থেকে চীনা নাগরিকের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে লি শিংচিয়াং (৪০) নামে এক চীনা নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। অতিরিক্ত মদপানের কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরা পশ্চিম থানাধীন ৩ নম্বর সেক্টরের 'বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেড'-এর ৯০৫ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে হোটেল কক্ষের মেঝেতে ওই চীনা নাগরিককে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন একই হোটেলে থাকা আরও তিন সহকর্মী গুও পেংফেই, গাও ঝেনলিয়াং ও লিউ হাওলিন। তাঁরা তাৎক্ষণিক হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মুনসুর জানান, নিহত চীনা নাগরিকের কক্ষ থেকে মদ্যপানের আলামত পাওয়া গেছে। অতিরিক্ত মদপানের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এআইএল/সকালবেলা