নিয়মিত নামাজ ও রোজা রাখায় কালকিনিতে ৫ যুবক পেলেন ভ্যান উপহার

নিয়মিত নামাজ ও রোজা রাখায় কালকিনিতে ৫ যুবক পেলেন ভ্যান উপহার

নিজস্ব প্রতিবেদক, কালকিনি: মাদারীপুরের কালকিনিতে নিয়মিত রোজা রাখা ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৫ জন বেকার যুবককে ইঞ্জিনচালিত ভ্যান উপহার দেওয়া হয়েছে। উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘এক পরিবার ফাউন্ডেশন’-এর উদ্যোগে এই ব্যতিক্রমী উপহার তুলে দেওয়া হয়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মাসুদ হাওলাদার।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় কালকিনি উপজেলার দুবাই প্লাজায় ‘এক পরিবার ফাউন্ডেশন’-এর আয়োজনে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ জন অসহায় ও বেকার যুবকের হাতে আনুষ্ঠানিকভাবে ইঞ্জিনচালিত ভ্যানের চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হয়। ধর্মীয় অনুশাসন মেনে চলায় উদ্বুদ্ধ করতে এবং তাদের স্বাবলম্বী করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় আয়োজক সংগঠনটি।

ভ্যান বিতরণকালে উপস্থিত ছিলেন কালকিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাবুল বেপারী, সাবেক কাউন্সিলর মস্তফা বেপারী, এক পরিবার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মাসুদ হাওলাদার, মাওলানা হাবিবুর রহমান, শামীম হোসেনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

উপহার পাওয়া যুবকরা এমন উদ্যোগে আনন্দ প্রকাশ করেছেন এবং সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আয়োজকরা জানান, আগামীতেও এ ধরনের সেবামূলক ও উৎসাহব্যঞ্জক কার্যক্রম অব্যাহত থাকবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন