বরিশালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

বরিশালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

সাঈদ পান্থ, বরিশাল: বরিশাল জেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন আগামী ১০ মে পর্যন্ত চলবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. এস এম মনজুর-এ-এলাহী। সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন জানান, বরিশাল জেলার ৮টি উপজেলায় ৬ মাস থেকে ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী মোট ১ লাখ ৬৯ হাজার ৪০৮ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২৪ এপ্রিল থেকে শুরু হওয়া এই বিশেষ ক্যাম্পেইন আগামী ১০ মে পর্যন্ত অব্যাহত থাকবে। তিনি নির্ধারিত সময়ের মধ্যে সকল অভিভাবককে তাদের সন্তানদের টিকাদান কেন্দ্রে এনে টিকা দেওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতোমধ্যে অতি সংক্রামক এলাকা হিসেবে চিহ্নিত বাকেরগঞ্জ ও মেহেন্দিগঞ্জ উপজেলা এবং বাকেরগঞ্জ পৌরসভায় গত ৫ মে থেকে কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে বাকেরগঞ্জ পৌরসভায় লক্ষ্যমাত্রার প্রায় ৭৬ শতাংশ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে।

সিভিল সার্জন আশা প্রকাশ করেন যে, সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। হাম-রুবেলা প্রতিরোধে এই টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন