আশুগঞ্জে গাঁজা- ইয়াবাসহ গ্রেফতার ২

আশুগঞ্জে গাঁজা- ইয়াবাসহ গ্রেফতার ২

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় পৃথক দুটি ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে মাত্র ২০ মিনিটের ব্যবধানে এই সফল অভিযান দুটি পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকাল ৪টা ১০ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. সিরাজ মিয়া (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। সিরাজ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পশ্চিম মেড্ডা এলাকার মো. সোনা মিয়ার ছেলে। পুলিশ মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করেছে।

প্রথম অভিযানের ঠিক ২০ মিনিট পর, বিকাল ৪টা ৩০ মিনিটে একই এলাকায় দ্বিতীয় অভিযানটি চালায় পুলিশ। এ সময় এক মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তল্লাশি করলে তার হেফাজত থেকে ১,১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় আখাউড়া উপজেলার শিবনগর গ্রামের মো. আলেক মিয়াকে (৩৫) গ্রেফতার করে পুলিশ। ইয়াবা বহনের দায়ে তার ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

আশুগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকা থেকে আসা মাদকের চালান রুখতে টোলপ্লাজাসহ বিভিন্ন পয়েন্টে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন