কিশোরগঞ্জে ট্রলির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

কিশোরগঞ্জে ট্রলির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

সামসুজ্জামান সুমন, কিশোরগঞ্জ (নীলফামারী): নীলফামারীর কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় রবিউল ইসলাম (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। 

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর খোলাহাটি গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে উপজেলা মোড় থেকে একটি ভ্যান শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের সামনে দিয়ে কিশোরগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির বালুবাহী মাহেন্দ্র ট্রলি ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক রবিউল ছিটকে পাকা রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাকিব তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ঘাতক ট্রলিটি স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে। ট্রলিটি উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন