নোয়াখালীতে সোনাপুর কলেজ জামে মসজিদের উদ্বোধন ও বৃক্ষরোপণ

প্রকাশ: শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ণ
নোয়াখালীতে সোনাপুর কলেজ জামে মসজিদের উদ্বোধন ও বৃক্ষরোপণ
সোনাপুর কলেজ জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান

মো. ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর ঐতিহ্যবাহী সোনাপুর কলেজ কেন্দ্রীয় মসজিদের আধুনিক সংস্কার কাজ সমাপ্তির পর পূর্ণাঙ্গ জামে মসজিদ হিসেবে এর আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজ আদায়ের পরপরই বাংলাদেশ জনঅধিকার পার্টির চেয়ারম্যান এবং সোনাপুর কলেজ গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ ইসমাইল সম্রাট প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্কার কাজের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা ও জামে মসজিদটির শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন উপলক্ষে মসজিদ প্রাঙ্গণে এক বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাতে দেশ, জাতি এবং কলেজের সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়। দোয়া ও আনুষ্ঠানিক উদ্বোধনী পর্ব শেষে সোনাপুর কলেজ চত্বরে পরিবেশ সুরক্ষায় এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে সোনাপুর কলেজের অধ্যক্ষ, শিক্ষক-কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জুমার নামাজে অংশ নেওয়া সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

পুরো উদ্বোধনী কার্যক্রম ও দোয়া মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সোনাপুর কলেজ গভর্নিং বডির অন্যতম সদস্য শহীদুল ইসলাম কিরণ।

মন্তব্য করুন