বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি
নিজস্ব প্রতিবেদক, বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সড়ক পারাপাররত এক বৃদ্ধা পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী সরকারি গাড়ি।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কিচক-গোবিন্দপুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার সময় প্রতিমন্ত্রী ঢাকা থেকে তাঁর নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনে যাচ্ছিলেন। আকস্মিক এই দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারী তাঁর ডান পায়ে সামান্য আঘাত পেয়েছেন। গাড়িতে প্রতিমন্ত্রীর সাথে তাঁর সহধর্মিণীও ছিলেন, তবে তিনি সম্পূর্ণ সুস্থ ও অক্ষত রয়েছেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে রওনা হয়েছিলেন। পথিমধ্যে কিচক-গোবিন্দপুর এলাকায় পৌঁছালে হঠাৎ এক বৃদ্ধ নারী দৌড়ে সড়ক পার হচ্ছিলেন। ওই পথচারীকে সরাসরি ধাক্কা খাওয়া থেকে বাঁচাতে গিয়ে চালক দ্রুত ব্রেক কষেন এবং গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমিতে নেমে যায়।
ওসি আরও জানান, এ ঘটনায় সড়ক পার হতে যাওয়া ওই নারী সামান্য আঘাত পেয়েছেন। তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গাড়িতে থাকা প্রতিমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা প্রাথমিক ধাক্কা সামলে নিরাপদে বের হয়ে আসেন।
উপজেলা বিএনপি ও স্থানীয় দলীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর প্রতিমন্ত্রী যাত্রা স্থগিত না করে সড়কপথে জয়পুরহাটের কালাই উপজেলায় তাঁর নিজ বাসভবনে পৌঁছেন এবং বর্তমানে সেখানে তিনি বিশ্রামে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।