‘চিকেনস নেকে’ ২ হাজার কোটি রুপিতে নতুন মহাসড়ক বানাচ্ছে ভারত
সকালবেলা অনলাইন: ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর যোগাযোগের একমাত্র পথ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডোরে ২ হাজার কোটি রুপি ব্যয়ে নতুন চার লেনের মহাসড়ক নির্মাণের অনুমোদন দিয়েছে দেশটির কেন্দ্র সরকার। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই করিডোরে ৩১ কিলোমিটার দীর্ঘ সড়কটি বর্তমান জাতীয় মহাসড়ক-২৭-এর (এনএইচ-২৭) সমান্তরালে তৈরি করা হবে।
ভারতের সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নিতিন গড়করি এক বিজ্ঞপ্তিতে জানান, নতুন মহাসড়ক (এনএইচ-৩২৭) নির্মাণের জন্য ২ হাজার ৭৭ কোটি ১৮ লাখ রুপি অনুমোদন দেওয়া হয়েছে। চার লেনের এই সড়কটি পশ্চিমবঙ্গের বাগডোগরা থেকে শুরু হয়ে বিহারের গলগালিয়া পর্যন্ত বিস্তৃত হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেপাল, ভুটান ও বাংলাদেশের সীমান্তবর্তী এই করিডোর দিয়ে নির্মিত নতুন সড়কটি উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ জোরদার করার পাশাপাশি বাগডোগরা বিমানবন্দর, নকশালবাড়ি, খড়িবাড়ি ও পানিটাঙ্কি এলাকার যানজট নিরসন করবে। এতে কৃষি ও স্থানীয় চা শিল্প সহ বাণিজ্যিক পরিবহন ব্যবস্থায় গতি আসবে।
প্রকল্পের আওতায় তিনটি বড় সেতু, একটি ওভারব্রিজ ও পার্শ্ববর্তী সার্ভিস রোডের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় পাঁচটি ‘হাতি চলাচলের আন্ডারপাস’ অন্তর্ভুক্ত রাখা হয়েছে।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, শিলিগুড়ি করিডোরটি নেপাল ও বাংলাদেশের মাঝখানে অবস্থিত একটি সরু ভূখণ্ড, যা চীন ও ভুটান সীমান্তের কাছাকাছি থাকায় ভারতের নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে অত্যন্ত সংবেদনশীল। সেই গুরুত্ব বিবেচনায় আঞ্চলিক অবকাঠামো ও বিকল্প সড়ক যোগাযোগ সুদৃঢ় করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এআইএল/সকালবেলা